Friday, 7 November 2014

শেষের শুরু









কাল ও সকাল হবে ,
জানলা দিয়ে এক ফালি রোদ
রোজের মতই ঘুম ভাঙ্গাবে ।

কিছুক্ষণের এপাশ ওপাশ
ধড়মড়িয়ে উঠবো তারপর
মনে পড়বে আজ থেকে তুই পর ।

অভ্যেসেই হাতড়াবো সেলফোন
খুঁজতে চাবো text-এই বারবার
এমনি ভাবেই হয়ত কিছুক্ষণ…..

বেলা বাড়বে ,
বাড়তে থাকবে দিন ,
পড়তে বসবো মাদুর পেতে , একলা আলাদীন ।

পড়া কি ছাই হবে !!
খুঁজতে চাইবো হাসনুহানা
পাশের বাড়ীর টবে ।

দুপুর হবে রোজই যেমন হয়,
স্নান করবো ,তেল দেবো না
সাবান মাখবো , ভাত খাবো না

কি হবে বল ?
বকবি তো না
ইচ্ছে করেই দস্যি হবো,টের পাবি না ।

বিকেল হলে ঘুরতে যাবো
একলা একলা যেদিক খুশি
তুই তো জানিস আমার ইচ্ছে, বেয়াক্কেলে,সর্বনাশী ।

দেখবে টা কে!!
দেখবো পাড়ার কুকুর গুলো,
কেমন করে সন্ধ্যে মাখে !!

ফিরবো এবার
কোথায় আবার ? বাড়ী
তোর কি তাতে !! এখন তো তোর সঙ্গে আড়ি

 ফিরেই বসবো
পড়তে হবে ,ভাবছি আজকে
অঙ্ক কষবো ।

রাত্রি বাড়বে
রুটির সঙ্গে ডিম
ভাবছি এবার বদলে ফেলবো Aircel এর Sim

গভীর রাতে কান্না পেলে
জড়িয়ে ধরবো বালিশটা কে
তোর মতো না জানি,তবু আরাম মেলে ।

হাপুস নয়ন
কি করছিস হাসনুহানা ?
জানি আমার কষ্টে তোর চোখে আর জল আসেনা ।

রোজ এরম ভাবেই কাটিয়ে দেবো
টের পাবিনা খোঁজ পাবিনা
একটু একটু করেই এবার বদলে যাবো ।







Wednesday, 5 November 2014

ঘেন্না করিস,’না রে ?





জানি অনেক ভুল করেছি
রাগ করেছি ,  তুই কেঁদেছিস
হাসনুহানা ,

এখন  আমি পাল্টে গিয়ে
ভাটাই না আর গীটার নিয়ে
ভাল্লাগেনা ।

এখন যখন ফিরতে চাইছি
তোকেই কেবল তোকেই চাইছি
হাঁফিয়ে গেলি ?

বদলে যাবার মুহূর্ততে
বুকের খাঁচার শেকল কেটে
উড়াল দিলি !!

Sunday, 2 November 2014

গল্প না, কবিতা ।



ঐতিহাসিক ত্র্যহস্পর্শে ধূমকেতুদের কল্পনা ,
জীবন মানেই নাটক , কিন্তু সব নাটক ই গল্প না ।
গলা তুলে চেল্লাতে চাও , ধামা সত্যি কে
শাসন শোষণ এক হয়ে যায় আইন কানুন পরক্ষে ।
ইতিহাসের পাতায় পাতায় , ছত্রে ছত্রে ধরল ঘুন
রাষ্ট্র দিচ্ছে পান্তা ভাত আর রাজ্য দিচ্ছে অল্প নুন ।
তবু ঝান্ডা ওড়ে শাসক দলের , ঝান্ডা ওড়ে সরকারের
কাতর আর্তি পাশ্ববর্তী বিরোধী কিম্বা স্পনসরের ।

Wednesday, 29 October 2014

নীল




এবার ভাবছি তোমায় নিয়ে
ঘুরতে যাবো মুকুন্দপুর,
সস্তা হোটেলে রাত কাটাবো
কিম্বা গোটা একটা দুপুর।

এবার ভাবছি তোমার কাছে
দেখিয়ে দেবো আমার আমি(ই),
পাঁচ রিপু তো আগেই দেখেছো
এবার না হয় দেখবে ‘কাম’ ই।

এবার ভাবছি সমস্তটাই
উজাড় করে তোমায় দেবো,
তোমার সঙ্গে একলা ঘরে
দুপুর কিম্বা রাত কাটাবো।